বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন লিপু

আপডেট : ২২ জুন ২০১৯, ১০:১১ পিএম

বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলা কঠিন হলেও স্বপ্নটা একেবারেই শেষ হয়ে যায়নি বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। এখন পর্যন্ত টাইগারদের পারফরম্যান্স আশান্বিত হওয়ার মতোই বলে মত ওয়ানডেতে বাংলাদেশের প্রথম অধিনায়কের।

শনিবার দেশ রূপান্তর কার্যালয়ে এসেছিলেন দেশের ক্রিকেটের এই কিংবদন্তি। ‘দৈনিক দেশ রূপান্তর-দ্য গ্রিন লাউঞ্জ’ বিশ্বকাপ ক্রিকেট কুইজ ২০১৯- এর প্রথম পর্বের ড্র অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন লিপু। অনুষ্ঠানের ফাঁকে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে দেশ রূপান্তরের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক মোহাম্মদ খাইরুল আমিন তুহিনের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন তিনি।

আলাপচারিতার শুরুর প্রশ্নটা ছিল এমন- ‘এখন বিশ্বকাপ যে জায়গায়টা দাঁড়িয়ে তাতে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা কতটুকু?’

গাজী আশরাফ হোসেন লিপু বলেন- ‘‘বাংলাদেশের সেমিফাইনাল খেলার সুযোগ একদম শেষ হয়ে যায়নি। তবে চান্স খুবই স্লিম। এই স্লিমটাকে যত মোটা করা যায় ধীরে ধীরে। অনেকটা ঈদের দুই তিন দিনের চাঁদের মতো।’’

লিপু ব্যাখ্যা টানলেন, ‘‘এটা এই সেন্সে বললাম, আমি শুধু আমার নিজের পারফরম্যান্স দিয়ে আমার জায়গাটা নিশ্চিত করতে পারব না। আমাকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর পারফরম্যান্সের ওপরেও। করো হারা জেতার ওপরও আমার ভাগ্য কিছুটা হলেও নির্ভর করবে। বাকিটা হচ্ছে নিজের পারদর্শিতার ওপরে।’’

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আসর শুরু করে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও এসেছে দাপুটে এক জয়। মাঝে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ভেসে যায় বৃষ্টিতে। ক্যারিবীয়দের হারানোর পর অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটিতে দারুণ লড়াই করেছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। ৬ ম্যাচে ২ জয়ে ৫ পয়েন্ট পাওয়া টাইগারদের সেমিফাইনাল স্বপ্নে রয়েছে অনেক যদি-কিন্তু। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। যা এখন পর্যন্ত বড় আক্ষেপ।

তিন ম্যাচে হারা বাংলাদেশ কি নিজের ভাগ্য অন্যের হাতে তুলে দিল? নাকি শ্রীলঙ্কা ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়াতেই কঠিন সমীকরণে পড়ে যাওয়া টাইগারদের?

এমন প্রশ্নের উত্তরে লিপু বলেন- ‘‘এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। বৃষ্টির ওপর তো নিয়ন্ত্রণ থাকে না। তবে হয়তো আমাদের আক্ষেপ রয়ে যাবে নিউজিল্যান্ড ম্যাচটা ঘিরে। যদি খুব কাছাকাছি গিয়ে তীরে তরী ভেড়াতে না পারি, পিছে ঘুরে তাকালে হয়তো আমাদের ওই ম্যাচটাই বেশি আক্ষেপ থাকবে।’’

এখন পর্যন্ত টাইগারদের পারফরম্যান্স মূল্যায়নও করলেন বাংলাদেশ লিপু। তার মতে, ‘‘ওভার অল আমাদের ব্যাটিং বিভাগটা খুব ভালো করেছে। যদিও ২০-২৫ করে একাধিক ম্যাচে আউট হয়েছে। তারপরও আমি মনে করি ব্যাটিং বিভাগ অনেক লড়াই করেছে। সেই তুলনায় বোলিং খুব বেশি উজ্জ্বলতা ছড়াতে পারেনি। ফিল্ডিং মাঝে মাঝে খুব ভালো করেছি আমরা। মাঝে মাঝে আশানুরূপ করতে পারিনি।’’

লিপু বলে যান, ‘‘এ রকম একটা অবস্থায় বিশ্বকাপের মতো জায়গায় সেমিফাইনালে কোয়ালিফাই করা অনেক কঠিন হয়ে পড়ে। দলগত নৈপুণ্যে যেমন অস্ট্রেলিয়া আমাদের থেকে অনেক এগিয়ে থাকল। ঠিক একই ভাবে দলগত নৈপুণ্যের যদি সমানভাবে আসত তাহলে আমরা আরো ভালো অবস্থানে থাকতাম।’’

পারফরম্যান্সের কাটা ছেঁড়া করতে গিয়ে লিপু চোখে ধরা পড়ে, ‘‘রানিং বিটুইন দ্য উইকেটে ভুল বোঝাবুঝি যদি কম হতো সেটা নিউজিল্যান্ড ম্যাচে আমাদের এগিয়ে দিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে রান আউট মিস করার বিষয় চোখে আসছে। নিউজিল্যান্ডের বিপক্ষেও একটি রান আউট মিস করা চোখে জ্বল জ্বল করে ভাসে। ছাড় খুব কম পাওয়া যায় তো। এই ধরনের টুর্নামেন্টে একটা দলের সঙ্গে একবারই দেখা হয়। দ্বিপাক্ষিক সিরিজে বারবার পাওয়া যায়। নতুন ভেন্যু, নতুন মাঠ, নতুন প্রতিপক্ষ। যারা আমরা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া নিয়মিত ট্যুর করি না, তাদের জন্য কঠিন হয়ে যায় শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলা।’’

তারপরও বাংলাদেশের পারফরম্যান্সে আশাবাদী লিপু, ‘‘ইংল্যান্ড তাদের ঘরের মাঠে ক্রিকেট খেলছে। এই সব মাঠঘাট তাদের চেনা। সেই আলোকে আশান্বিত হওয়ার মতো ক্রিকেট এখন পর্যন্ত আমরা খেলেছি। নিরাশ হওয়ার মতো কিছু নেই।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত