জেলার দক্ষিণ সুনামগঞ্জে স্কুলছাত্র শাহানুর হত্যার প্রতিবাদে পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে পাগলা সরকারি হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
দুই ঘণ্টাব্যাপী অবরোধে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলা এলাকার সড়কের দুই পাশের কয়েক কিলোমিটারে প্রচ- জ্যামের সৃষ্টি হয়। পরে প্রশাসন ও পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, শাহানুর একজন নিরীহ দরিদ্র পরিবারের ছেলে। গত বৃহস্পতিবার গাড়ি পার্কিং নিয়ে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এলোপাতাড়ি কোপ ও ছুরিকাঘাতে সে নিহত হয়। কিন্তু হত্যার দুই দিন পেরিয়ে গেলেও জড়িতদের ধরতে পারেনি পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানায় শিক্ষার্থীরা।
