গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে এক নারী সাংবাদিককে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। ভারতের দিল্লির এ ঘটনায় সাংবাদিক মিতালি চান্দোলা আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দিল্লির বসুন্ধরা এনক্লেভের কাছে একদল দুষ্কৃতকারী এ হামলা চালায়।
এনডিটিভি জানায়, আহত সাংবাদিক মিতালিকে ধর্মশালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মিতালি জানান, মুখোশধারীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে। ওই সময় নিজের গাড়ি হুন্দাই আই২০ চালিয়ে বাসায় ফিরছিলেন তিনি।
তিনি বলেন, আকস্মিক একটি মারুতি সুইফট তার গাড়ির পথ আটকায়। এরপরেই দুর্বৃত্তরা পরপর দুটি গুলি চালায় তাকে লক্ষ্য করে।
পুলিশ জানায়, গুলিতে গাড়ির সামনের উইন্ডস্ত্রিন ভেঙে যায়। দুটি বুলেটই এসে লাগে মিতালির হাতে।
সাংবাদিক মিতালি আরও জানান, পালানোর আগে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে পচা ডিমও ছুড়ে মারে।
কী কারণে এই নারী সাংবাদিককে হত্যার চেষ্টা হয়েছিল বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। অবশ্য পুলিশি জিজ্ঞাসাবাদে মিতালি জানান, পারিবারিক কলহের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।
পুলিশ কর্মকর্তা জশমিত সিং জানিয়েছেন, “দুটি বুলেটই মিতালির হাতে লেগেছে। আপাতত শঙ্কামুক্ত তিনি।”
প্রসঙ্গত, ২০০৮ রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছিলেন ২৬ বছরের সাংবাদিক সৌম্য বিশ্বনাথন। তিনিও দিল্লির দক্ষিণের বসন্তকুঞ্জ দিয়ে ওই সময় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন।
