তিন কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। লেখালেখি ও শিক্ষকতায় দীর্ঘ জীবন কাটানো এই ইমেরিটাস অধ্যাপকের ৮৪তম জন্মদিন ছিল গতকাল রবিবার। জন্মদিন উপলক্ষে তার একক বক্তৃতার আয়োজন করে সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্র। ঢাবির উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানে তিনি বলেন, ‘লেখালেখি এক পর্যায়ে হয়ে গেল আন্দোলন-সংগ্রামের অংশ। কারণ এই দুষ্ট সমাজকে বদলাতে চেয়েছিলাম।’
উপাচার্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমি তিন কারণে প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ আমি এরশাদের আমলে ভিসি হতে পারি না। দ্বিতীয়ত, আমি যখন ডিন ছিলাম তখন উপলব্ধি হয়েছে প্রশাসন আমার কাজ নয়। তৃতীয়ত, আমার ছাত্রীরা হলে গাদাগাদি করে থাকবে, ছাত্ররা গেস্টরুমে নির্যাতনের শিকার হবে আর আমি ভিসির বড় বাসভবনে থাকব সেটা মেনে নিতে পারব না।’
