শেখর কাপুরের ১৯৮৭ সালের সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’য় মোগাম্বো চরিত্রে অভিনয় করে অন্যরকম খ্যাতি পান অমরেশ পুরি। কেউ কেউ মনে করেন, চরিত্রটি এই কিংবদন্তি অভিনেতাকে মাথায় রেখে লেখা।
শনিবার প্রয়াত অমরেশের ৮৭তম জন্মদিনে অন্যরকম তথ্য দিলেন অভিনেতা অনুপম খের। তিনিই নাকি ছিলেন মোগাম্বো চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ।
‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভারেড’ সিনেমার প্রচারণায় গিয়ে অনুপম বলেন, “মোগাম্বো চরিত্রে তাকে প্রস্তাব দেওয়ার আগে আমাকে দেওয়া হয়েছিল। কিন্তু এক বা দুই মাস পর নির্মাতা আমার বদলে অমরেশ পুরিকে নেন।”
আরও বলেন, “সাধারণত সিনেমা থেকে বাদ পড়লে একজন অভিনেতার খারাপ লাগে। কিন্তু যখন ‘মিস্টার ইন্ডিয়া’য় মোগাম্বো চরিত্রে অমরেশের কাজ দেখলাম- মনে হয়েছে পরিচালকের সিদ্ধান্ত ঠিক ছিল।”
অনুপম বলেন, “অমরেশ পুরি আমার খুবই ভালো বন্ধু ছিলেন। বেঁচে না থাকা বন্ধুকে নিয়ে কথা বলা আসলেই কষ্টকর। তিনি ছিলেন অসাধারণ অভিনেতা।”
অমরেশের জীবন ও কর্ম উদযাপনে গুগল শনিবার বিশেষ ডুডল প্রকাশ করে।
এই অভিনেতাকে হলিউডের সিনেমায়ও দেখা গেছে। এর মধ্যে আছে বিখ্যাত ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’। তবে আজকাল বেশি স্মরণ করা হয় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির চৌধুরী বলদেব সিং চরিত্রের জন্য।
