কংগ্রেস নেতার বাড়ির কুয়া থেকে মায়ের কঙ্কাল উদ্ধার

আপডেট : ২৫ জুন ২০১৯, ০৪:২৭ পিএম

ভারতে এক রাজনৈতিক নেতার বাড়ির কুয়া থেকে উদ্ধার করা হয়েছে তার মায়ের মাথার খুলি। সোমবার দার্জিলিংয়ের জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদকের বাড়িতে এ ঘটনা ঘটে। 

জি নিউজ জানায়, কংগ্রেস নেতা বিমলেশ ভৌমিকের বাড়ির কুয়া থেকে তার মায়ের মাথার খুলি ছাড়াও উদ্ধার করা হয়েছে হাড়গোড়, চশমাও।

জানা যায়, ২০১৭ সালের মাঝামাঝিতে নিখোঁজ হয়ে যান বিমলেশের মা শেফালি ভৌমিক। এরপর বহু জায়গায় খোঁজ চালিয়েও মায়ের সন্ধান পাননি বিমলেশ। পরে থানায় একটি অভিযোগও দায়ের করেন তিনি।

সোমবার কুয়ায় কিছু পড়ার আওয়াজ পান বাড়ির লোকজন। পরে অনুসন্ধান চালিয়ে কুয়া থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি মাথার খুলি, হাড়, চশমার ফ্রেম। স্থানীয় থানার পুলিশকেও খবর দেওয়া হয়।

এ ঘটনা গোটা জেলায় চাঞ্চল্য তৈরি করে। বিমলেশ ভৌমিকের অভিযোগ, ত্রিবণ শিকদার নামে এক প্রতিবেশী এই ঘটনায় যুক্ত। তাকে ফাঁসানোর জন্যই এই কাণ্ড ঘটানো হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ত্রিবণবাবুর পরিবার।

এ দিকে উদ্ধার হওয়া হাড়, কঙ্কাল পাঠানো হয়েছে হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষার পরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত