কোহলিদের কীভাবে বল করতে হবে জানে টাইগাররা: যোশী

আপডেট : ২৫ জুন ২০১৯, ০৭:৫৮ পিএম

বাংলাদেশের পেস বোলিং বিভাগ আসরে সেভাবে আলো কাড়তে পারেনি। আফগানিস্তান ম্যাচে সাকিব আল হাসানের স্পিন তোপে এসেছে দাপুটে জয়। তবে ভারতের বিপক্ষে ম্যাচে বোলিং নিয়ে বাড়তি ভাবনা থাকছেই। স্পিনের বিপক্ষে ভারত যে বিশ্বের অন্যতম সেরা দল। তবে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশী বলছেন, কোহলিদের কীভাবে বল করতে হবে যা জানা আছে টাইগারদের।

ভারতের সাবেক ক্রিকেটার যোশী ২ জুলাই বাংলাদেশের ড্রেসিং রুমে থেকে নিজ দেশকে হারানোর পরিকল্পনা করবেন। সুনীল যোশী ভারতীয় ব্যাটসম্যানদের স্পিন দক্ষতার বিষয়টি মাথায় রেখে বললেন, “আমরা সবাই জানি ওরা স্পিন ভালো খেলে। তবে আমরাও তাই। আমরা যখন ভারতের বিপক্ষে (প্রস্তুতি ম্যাচে) খেলেছিলাম, আমি ভারতকে নিবিড়ভাবে দেখেছি। আমরা জানি ওদের কোথায় বল করতে হবে।’’

ভারতকে হারানোর ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী যোশী, ‘‘আমরা এখানে ও আগেও দেখিয়েছি যে সাদা বলের ক্রিকেটে আমরা ভালো দল। আমরা আয়ারল্যান্ডে জিতেছি। ওয়েস্ট ইন্ডিজকে দেশে ও ওদের মাটিতে হারিয়েছি। গত তিন বছরে ভারতকে তিনবার হারানোর খুব কাছে গিয়েছিলাম।’’

সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে নিজেদের বাকি দুই ম্যাচে জিততেই হবে। ভারত ম্যাচের পর ৫ জুন পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত