মার্কিন নিষেধাজ্ঞায় কূটনীতির পথ শেষ : ইরান

আপডেট : ২৫ জুন ২০১৯, ১১:০০ পিএম

সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞায় কূটনীতির পথ বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতের দ্বারপ্রান্তে যাওয়ার কয়েক দিন পর গতকাল মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশটি এমন মন্তব্য করে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করে খামেনিসহ অন্যদের ওপর নিষেধাজ্ঞা দেন। এ সপ্তাহের শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান ভূপাতিত করার পর ইরানের ওপর হামলার হুকুম দিয়ে শেষ মুহূর্তে ট্রাম্পের সরে আসার পর মার্কিন প্রশাসন এমন সিদ্ধান্ত নিল। বিমান ফেলে দেওয়ার পর কয়েক দশকের মধ্যে প্রথমবার ইরানে সরাসরি বোমা হামলা করতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, অনেক মানুষের মৃত্যু রোধে তিনি হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি এক টুইট বার্তায় বলেন, ‘ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও ইরানের কূটনৈতিক কমান্ডারের ওপর গুরুত্বহীন নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে কূটনীতির পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ট্রাম্পের বেপরোয়া প্রশাসন বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রতিষ্ঠিত আন্তর্জাতিক পদ্ধতিগুলো ধ্বংস করে দিচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত