নিখোঁজের ৯ দিন পর ঝোপে মিলল বস্তাবন্দি লাশ

আপডেট : ২৬ জুন ২০১৯, ০২:৩৬ পিএম

কুমিল্লায় নিখোঁজের ৯দিন পর নারায়ণ চন্দ্র ভৌমিক নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার বরুড়া উপজেলার বড়হাতুয়া গ্রামের রাস্তার পাশের একটি ঝোপ থেকে বুধবার ওই ব্যক্তির বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করা হয়।

নিহত নারায়ণ চন্দ্র (৫৫) জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত নিবারণ চন্দ্র ভৌমিকের ছেলে।

এ ঘটনায় উর্মিলা চক্রবর্তী সোমা নামে এক নারী ও তার ভাই শংকর চক্রবর্তীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৭ জুন নারায়ণ চন্দ্র নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ১৯ জুন বুড়িচং থানায় জিডি করা হয়। জিডির সূত্র ধরে তাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই শাহীন কাদির জানান, নারায়ণের সঙ্গে উর্মিলা চক্রবর্তীর আর্থিক লেনদেন ও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার নিখোঁজের পর মোবাইল ট্র্যাক করে মঙ্গলবার জেলার চান্দিনা উপজেলার পিহর গ্রামের হরগোবিন্দ চক্রবর্তীর মেয়ে উর্মিলা চক্রবর্তী (৩২) ও তার ভাই শংকর চক্রবর্তীকে (২৮) আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের পর তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে নারায়ণ চন্দ্রের মরদেহ বরুড়া উপজেলার বরহাতুয়া গ্রামের ঝোপ থেকে বুধবার ভোরে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আটকদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত