ডিআইজি মিজান চাইলে আত্মসমর্পণ করতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৬ জুন ২০১৯, ০৪:১৮ পিএম

ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তিনি অবশ্যই গ্রেপ্তার হবেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘তিনি চাইলে আত্মসমর্পণ করতে পারেন।’

বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী’ শীর্ষক আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই সভার আয়োজন করে।

ডিআইজি মিজান আত্মগোপনে বিদেশে চলে যেতে পারেন কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কোনও মন্তব্য করেননি। তবে তিনি বলেন, ‘ডিআইজি মিজান যদি আত্মসমর্পণ করতে চান, তাহলে তিনি করতে পারবেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, ডিআইজি মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। এর আগে সোমবার (২৪ জুন) ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিজানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক (দুর্নীতি দমন কমিশন)। 

মাদক নির্মূল করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মাদকের ডিমান্ড, সাপ্লাই রোধ করে এবং মাদকসেবীদের পুনর্বাসনের বিষয়ে সমানতালে কাজ করছি। মাদকের ডিমান্ড হ্রাসের ক্ষেত্রে আমরা সামাজিক আন্দোলন সৃষ্টি করার দিকে জোর দিচ্ছি। এ আন্দোলনে সর্বস্তরের জনগণকে যুক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।’

মাদকসেবীদের পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, ‘সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আসন বাড়ানো হয়েছে। বেসরকারি হাসপাতালেও মাদকাসক্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, ডা. অরূপ রতন চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত