আমেরিকান আয়লান: ‘তারা কি আপনার পোষা পশু, ট্রাম্প?’

আপডেট : ২৬ জুন ২০১৯, ০৫:১৭ পিএম

যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী এক বাবা তার শিশু কন্যাসহ নদী পার হওয়ার সময় ডুবে মারা গেছেন। বাবা-মেয়ের মুখ থুবড়ে পড়ে থাকা লাশের ছবি বিশ্ব মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।

তুরস্কের উপকূলে ভেসে ওঠা পাঁচ বছর বয়সী শিশু আয়লান কুর্দির নিথর দেহকে মনে করে দিল এই ছবি। বিশ্ব মিডিয়ায় অভিবাসী প্রত্যাশী এই শিশুকে বলছে ‘যুক্তরাষ্ট্রের আয়লান’। 

দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানায়, পশ্চিমা বিশ্বে শরণার্থী সংকট কতটা ভয়াবহ আকার ধারণ করেছে সেই চিত্রই উঠে এল সোমবারের হৃদয়বিদারক এই ছবির মধ্যে দিয়ে।

পত্রিকার শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করা হয়েছে। বলা হয়, অভিবাসীদের কি ট্রাম্প নিজের পশু মনে করে? 

মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেন, “যা ঘটেছে, এটা খুবই দুঃখজনক।”

তিনি বলেন, “আমরা সবসময় বলে আসছি যুক্তরাষ্ট্র খুব কড়াকড়িভাবে অভিবাসী প্রত্যাশীদের বাধা দিচ্ছে। ফলে মরুভূমিতে অথবা নদী পার হতে গিয়ে প্রাণ হারাচ্ছে মানুষ।”

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সংকট এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষ্ঠুর অভিবাসন নীতির জ্বলন্ত প্রমাণই যেন এই ছবিটি। 

২০১৮ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে নিহত হয় ২৮৩ অভিবাসী প্রত্যাশী মানুষ। যার মধ্যে আছে নারী ও শিশুও।

এর আগেও অভিবাসী প্রত্যাশীদের প্রতি অমানবিক আচরণের জন্য সমালোচিত হয়েছিলেন ট্রাম্প। অশালীন ভাষায় অভিবাসী প্রত্যাশীদের আক্রমণ করেছেন তিনি।

মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে প্রবেশ করতে চাওয়া মানুষদের তিনি কখনো ‘পশু’, ‘ঠান্ডা মাথার অপরাধী’, ‘খারাপ মানুষ’ ইত্যাদি আখ্যা দিয়েছিলেন।

২০২০ সালে মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা করতে ডেমোক্র্যাট প্রার্থী হতে ইচ্ছুক বেটো ওরউরক বলেন, ‘এই মৃত্যুর জন্য ট্রাম্পই দায়ী।’

তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্পের অনৈতিক ও অমানবিক অভিবাসন নীতির ফল এটি। অথচ আমাদের নামে এটি চালিয়ে দেওয়া হচ্ছে।”

মার্কিন সিনেটর কামালা হ্যারিস বলেন, “এটি অমানবিক। শিশুরা মারা যাচ্ছে। এটি আমাদের অনৈতিক বিবেকের ওপর বড় ধরনের দাগ।”

সিএনএন জানায়, অস্কার আলবার্তো মার্টিনেজ রিও গ্রান্ডো নদী সাঁতরে তার স্ত্রীর কাছে আসছিলেন। এ সময় তার ২৩ মাস বয়সী শিশু কন্যা ভ্যালেরিয়া তাকে দেখে পানিতে ঝাঁপ দেয়।

ছবিতে দেখা গেছে, বাবা ও ছোট্ট শিশুটির নিথর দেহ উপুড় হয়ে নদীর তীরে পানির মধ্যে পড়ে আছে। শিশুটির পরনে আছে লাল রঙের প্যান্ট, পায়ে জুতা।

বাবা আর মেয়ের মাথার কিছু অংশ কালো কাপড়ে ঢাকা। শিশুটির একটি হাত তখনো বাবার কাঁধ জড়িয়ে ধরে আছে।

মেক্সিকান ফটোগ্রাফার জুলিয়া লে ডাক মর্মস্পর্শী এই ছবিটি তুলেছেন। ম্যাক্সিকান সংবাদপত্র লা জর্নাদায় তিনি লিখেছেন, “মেয়েকে বাঁচাতে বাবা প্রাণপণ চেষ্টা করছিলেন। কিন্তু প্রচণ্ড স্রোতে তাদের এই করুণ পরিণতি হয়।”

আলবার্তোর স্ত্রী তানিয়া লা জর্নাদাকে বলেন, “চোখের সামনেই আমি আমার স্বামী ও বাচ্চাকে স্রোতে ডুবে যেতে দেখেছি।”

জানা যায়, আলবার্তো এল সলভাদরের বাসিন্দা। তিনি সোমবার স্ত্রী ও মেয়েকে নিয়ে ম্যাক্সিকান বর্ডার দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন।

যুক্তরাষ্ট্রে ঢুকতে গত দুই মাস ধরে পরিবারটি মাতামোরোসের একটি শরণার্থী শিবিরে অপেক্ষা করছিল। তীব্র গরমে মধ্যে দীর্ঘ অপেক্ষার পরও বর্ডার পার হতে না পারায় তারা নদী পার হয়ে দেশটিতে প্রবেশের সিদ্ধান্ত নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত