যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে চলতি বছরের এপ্রিলে প্রতিবেদন পেশ করা বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে উন্মুক্ত সেশনে সাক্ষ্য দিচ্ছেন আগামী ১৭ জুলাই। ওই দিন তিনি হাউজের বিচারিক ও গোয়েন্দা কমিটির মুখোমুখি হবেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
কংগ্রেসের নিম্নকক্ষের বিচারিক প্যানেলের চেয়ারম্যান জেরল্ড ন্যাডলার ও গোয়েন্দা প্যানেলের প্রধান অ্যাডাম শিফ এক যৌথ বিবৃতিতে জানান, স্থানীয় সময় মঙ্গলবার দুটি কমিটির সমন জারি করার পরিপ্রেক্ষিতে মুলার সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি বিশেষ কৌঁসুলির এক প্রতিনিধি।
এপ্রিলে ৪৪৮ পৃষ্ঠার প্রতিবেদনে জানানো হয়, ২০১৬ সালের নির্বাচনে হস্তক্ষেপ করেছে রাশিয়া। এ ছাড়া রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার দল রুশ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে বলেও এতে উল্লেখ করা হয়। তবে প্রতিবেদনে ট্রাম্পের প্রচার দল ও মস্কোর মধ্যে অপরাধমূলক ষড়যন্ত্র হয়েছে কি না, তা উল্লেখ করা হয়নি।
