কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আইনি প্রক্রিয়ায় শিগগিরই মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে এ কথা বলেন তিনি।
‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস-২০১৯’ উপলক্ষে ‘নীরবতাও নির্যাতনের কারণ হতে পারে’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানের শুরুতেই বিরোধী নেতাকর্মীদের ওপর ‘নিপীড়ন-নির্যাতন’, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘রাইট টু লাইভ’ উপস্থাপন করা হয়। এ ছাড়া সেমিনারে একাদশ সংসদ নির্বাচনের আগে ও পরে ‘আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সশস্ত্র কর্মীদের নির্যাতনের’ চিত্র তুলে ধরেন নেতাকর্মীরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তা থেকে বের হওয়ার একমাত্র উপায় জনগণের শক্তি দিয়ে ক্ষমতাসীন একদলীয় স্বৈরাচারী সরকারকে বিদায় করা। সেজন্য আমাদের সবচেয়ে বড় যেটা প্রয়োজনÑ ঐক্য, ঐক্য, ঐক্য।’
