‘জয় শ্রীরাম’ বলতে অস্বীকৃতি জানানো শিক্ষককে ফোন মমতার

আপডেট : ২৭ জুন ২০১৯, ১১:৩৬ এএম

‘জয় শ্রীরাম’ বলতে না চাওয়ায় ট্রেনে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় মাদ্রাসা শিক্ষক শাহরুখ হালদার। ওই সংখ্যালঘু যুবকের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্থানীয় পত্রিকা সংবাদ প্রতিদিন জানায়, বুধবারের ঘটনায় আক্রান্ত শাহরুখসহ দু’জনকেই ফোন করেন মমতা। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন তিনি।

রাজ্যের তরফে আক্রান্ত দু’জনকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে জানান। সেই সঙ্গে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ারও আশ্বাস দেন।

দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা হাফিজ মোহাম্মদ শাহরুখ হালদার নামের ওই যুবক বুধবার হুগলি যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে রামভক্তরা তার ওপর চড়াও হয়।

শাহরুখের অভিযোগ, চলন্ত ট্রেনে একদল যুবক ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছিল। ট্রেন ঢাকুরিয়া থেকে ছেড়ে যাওয়ার পর হঠাৎই ওই দলটির কয়েকজন সদস্য তাকে ‘জয় শ্রীরাম’ বলার জন্য চাপ দেওয়া শুরু করে। কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় মারধর করে ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়।

ওই যুবকের অভিযোগ, ট্রেনে কামরা ভর্তি লোকের সামনে মারধর করা হলেও কেউ সাহায্যে এগিয়ে আসেননি।

লোকসভা নির্বাচনের পর থেকেই ‘জয় শ্রীরাম’ ইস্যুতে উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি। একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া হয়েছে। যার জেরে মেজাজও হারিয়েছেন তিনি। বিজেপি একে রাজনৈতিক ফায়দা তুলতে কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার শিকার হচ্ছেন মুসলিমরা।

ঝাড়খন্ডসহ দেশটির অন্যান্য রাজ্যে একই ধরনের ঘটনা ঘটেছে সম্প্রতি। নানা অপবাদ দিয়ে মুসলমানদের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত