এবারের বিশ্বকাপে সেমি-ফাইনাল নিয়ে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে আছে পাকিস্তান। শেষ চারে যেতে হলে নিজেদের শেষ তিন ম্যাচের সবকটিতে জয় পাওয়ার পাশাপাশি বাংলাদেশ ও ইংল্যান্ডের হার কামনা করতে হবে তাদের। কিন্তু ভারতের কারণে সেটা সম্ভব হবে না বলে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি।
বিশ্বকাপে সেমি-ফাইনালের পথে সম্ভাবনাটা বেশ জোরালো করেছে বাংলাদেশ। পরবর্তী দুই ম্যাচে জিতলে, আর ইংল্যান্ড তাদের ম্যাচগুলোতে হেরে গেলে শেষ চারের টিকিট নিশ্চিত করবে টাইগাররা। সেক্ষেত্রে কপাল পুড়বে পাকিস্তানের। ভারতও এমনটা চাইবে বলে মনে করেন পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট ও ৫০টি ওয়ানডে বাসিত।
পাকিস্তান টিভি চ্যানেল এআরওয়াই নিউজের এক অনুষ্ঠানে ভারতের সমালোচনা করে বাসিত বলেন, “ভারত এখন পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচ খেলেছে। তারা কখনোই চাইবে না পাকিস্তান সেমি-ফাইনাল খেলুক। ভারতের দুই ম্যাচ রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে ভারত কেমন খেলেছে, কীভাবে খেলেছে তা তো সবাই দেখেছি।”
এ সময় অনুষ্ঠানের উপস্থাপক বাসিত আলিকে জিজ্ঞেস করেন, “তবে কি আপনি বলতে চাচ্ছেন, ভারত ইচ্ছে করে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে ম্যাচ ছেড়ে দেবে?।” এ প্রশ্নের কোনো জবাব দেননি বাসিত। তবে আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন হয়তো ইচ্ছে করেই ঢিলেমি দিয়ে খেলবে ভারত।
“মানুষ তো বলবে না যে ভারত ইচ্ছে করে হেরে গিয়েছে। কারণ তারা তো সত্য স্বীকার করতে ভয় পায়। দেখবেন ওরা এমন ম্যাচ খেলবে যে কেউ বুঝতেই পারবো না যে ম্যাচে কী হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে যেমনটা দেখা গিয়েছে...”
