আওয়ামী লীগ নেত্রী হত্যা: দুই কারণ খতিয়ে দেখছে পুলিশ

আপডেট : ২৭ জুন ২০১৯, ০৭:১৯ পিএম

রূপগঞ্জের আলোচিত ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেত্রী বিউটি আক্তার কুট্টি (৪০) হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেন ওরফে স্বপনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে হত্যার দায় স্বীকার করে নারায়ণগঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় স্বপন।

বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক সংঘর্ষে নিহত হন তার স্বামী হাসান মুহুরি।

বিউটি আক্তার কুট্টি হত্যার ঘটনায় তার মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

খুনের নেপথ্যে প্রাথমিকভাবে দুটি কারণ খতিয়ে দেখছে পুলিশ। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের বড় একটি অংশের সঙ্গে দ্বন্দ্ব এবং স্বামী হাসান মুহুরী হত্যার মামলার বাদী হওয়া কারণেই তাকে খুন করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে শায়িত করা হয় বিউটি আক্তারকে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে জানান, বুধবার রাতে নিহত কুট্রির মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে ১১ জনকে নামীয় ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। আসামিরা হলো স্বপন, জয়নাল, শমশের, জামাল, খলিল, রবিন, আনোয়ার, কুদ্দুস, রাজা, সিটি শাহীন ও খাজা। এদের মধ্যে কয়েকজন কুট্রির স্বামী হাসান মুহুরী হত্যা মামলার অন্যতম আসামি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত