সেপ্টেম্বরে ঘরের মাঠে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজটি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে।
সংবাদমাধ্যম ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিসিবির সূত্র তাদের এই সিরিজ আয়োজনের তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিশিয়াল ফেসবুক পেজে সিরিজের আংশিক সূচি প্রকাশ করেছে।
বিসিবির সূত্র ক্রিকবাজকে জানায়, আমরা আশা করছি সেপ্টেম্বরে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের। ১৪ থেকে ২৩ সেপ্টেম্বর হবে সিরিজটি। তবে ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে তিনটি দল একে অপরের সঙ্গে দুইবার করে খেলবে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। পরদিন আফগানদের প্রতিপক্ষ বাংলাদেশ। এই দুই দলের পরের ম্যাচ ১৮ সেপ্টেম্বর। ২০ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে নিজের চতুর্থ ও লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে আফগানরা।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচের সূচি জানানো হয়নি আফগান বোর্ডের দেওয়া সূচিতে। ত্রিদেশীয় সিরিজটির ফাইনাল ২৩ সেপ্টেম্বর।
এর আগে বিশ্বকাপের পর পরই জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের কথা রয়েছে বাংলাদেশের।
