অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক শুক্রবার

আপডেট : ২৮ জুন ২০১৯, ১২:২২ এএম

অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির প্রচার সম্পাদক প্রাণ রায় দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২১ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় অভিনয় শিল্পী সংঘের ২০১৯-২০২১ দ্বি-বার্ষিক নির্বাচন।

ওইদিন রাত ৮টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এরপর ২৪ জুন সংগঠনটির নিকেতনের অফিসে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন নির্বাচনে বিজয়ীরা।

এবারের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। এ ছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলেন অভিনেতা আহসান হাবিব নাসিম।

সভাপতি হিসেবে সেলিম পেয়েছেন ৩২৫ ভোট। তিনি অভিনেতা তুষার খান ও মোহাম্মাদ মিজানুর রহমানকে পরজিত করেছেন। সাধারণ সম্পাদক হিসেবে নাসিম পেয়েছেন ৪২২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি পেয়েছেন ৩৫ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত তিনজন হলেন- আজাদ আবুল কালাম (৩৪৪), ইকবাল বাবু (২৭৪) ও তানিয়া আহমেদ (২৪৩)। যুগ্ম সাধারণ সম্পাদকের জন্য দুটি পদে নির্বাচিত হয়েছেন রওনক হাসান (২৮৪) এবং আনিসুর রহমান মিলন (২১৬)।

অর্থ সম্পাদক পদে মোহাম্মাদ নূর এ আলম নয়ন (৩২২), দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম (১৭৭), অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু (২২৯), আইন ও কল্যাণ সম্পাদক শামীমা তুষ্টি (২০২), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায় (২৪২), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল (৩১০) নির্বাচিত হয়েছেন।

নতুন মেয়াদে কমিটির ৭টি কার্য নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন- নাদিয়া আহমেদ (৩৬৩), সেলিম মাহবুব (৩৫৫), জাকিয়া বারী মম (২৭৬), বন্যা মির্জা (২৬৮), মনিরা বেগম মেমী (২৪৩), শামস সুমন (২৩৮) ও রাজীব সালেহীন (২২৯)।

৬০৬ জন ভোটারের মধ্যে এবার ৫১৮ জন ভোটার তাদের রায় প্রদান করেছেন। প্রধান নির্বাচন হিসেবে দায়িত্ব পালন করেন খায়রুল আলম সবুজ। এ ছাড়া নির্বাচন কমিশনার ছিলেন মাসুম আজিজ ও বৃন্দাবন দাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত