ফ্রান্সে মসজিদে বন্দুক হামলায় ইমামসহ গুলিবিদ্ধ ২

আপডেট : ২৮ জুন ২০১৯, ১১:৩৩ এএম

ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় ব্রেস্ট শহরে মসজিদে বন্দুকধারীর গুলিতে সেখানকার আলোচিত এক ইমামসহ কমপক্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

ডয়চে ভেলে জানায়, ঘটনার পর ওই বন্দুকধারীর মৃতদেহ পাওয়া গেছে।

ফ্রান্সের আটলান্টিক উপকূলের ওই মসজিদ থেকে বৃহস্পতিবার মুসল্লিরা নামাজ শেষে বের হওয়ার সময় গুলি চালায় বন্দুকধারী। বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পরে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পুলিশ তল্লাশি চালিয়ে একটি গাড়ির কাছে হামলাকারীর মরদেহ পায়। নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার টুইটারে জানিয়েছেন, বন্দুক হামলার পরেই তিনি গোটা দেশের ধর্মীয়স্থানগুলোতে নিরাপত্তা নিশ্ছিদ্র করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখন শঙ্কামুক্ত।

পুলিশের একটি সূত্র দাবি করেছে, বন্দুকবাজের পরিচয় জানা গেছে। তবে সেটা সংবাদমাধ্যমকে জানানো হয়নি।

বন্দুকধারী ফেসবুকে হামলার বিষয়টি স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, বিভিন্ন বক্তব্যের জন্য আলোচিত ইমাম রাশিদ এলজাইকে আগে থেকেই অনুসরণ করছিল হামলাকারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত