সাতক্ষীরার দুই উপজেলায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক নবদম্পতিও রয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এসব বজ্রপাতের ঘটনা ঘটেছে বলে কালীগঞ্জ ও আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছে।
কালীগঞ্জ উপজেলার রতনপুরে একই পরিবারের তিনজন ও আশাশুনি উপজেলার বুধহাটায় এক ঘের কর্মচারী মারা গেছেন বজ্রপাতে। এছাড়া একজন কৃষক ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন।
আশাশুনি থানার ওসি আবদুস সালাম জানান, বুধহাটা ইউনিয়নের মাদরা গ্রামের প্রদীপ সরদারের ছেলে জুয়েলসহ তিনজন মাছের ঘেরে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘের কর্মচারী জুয়েল সরদার (২৪) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান জানান, কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ুইমহলে আদম আলীর বাড়ির টিনের চালে বজ্রপাতে একই পরিবারের তিনজন মারা যান। এছাড়া একজন কৃষক ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন।
ওসি আজিজ বলেন, বেলা ১১টার দিকে আদম আলীর টিনের ঘরের চালে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আদম আলীর বড়ছেলে আল আমিন (২২), আল আমিনের নববধূ সাবিনা ইয়াসমিন (১৮) ও আদম আলীর ছোটছেলে রবিউল ইসলাম (১৯)।
বজ্রপাতে মারাত্মক আহত অবস্থায় আদম আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, পরিবারের সবাই ঘরের মধ্যে অবস্থানকালেই বজ্রপাতের ঘটনাটি ঘটে।
এছাড়া একই উপজেলার একই ইউনিয়নের বিজয়নগর গ্রামের হাকিম গাজীর ছেলে মুনছুর গাজী (৫০) মাঠে কাজ করার সময় মারা গেছেন।
বেলা সাড়ে ১২টার দিকে কৃষক মুনছুর ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।
