ভারতে তিনটি প্রধান গণমাধ্যম গোষ্ঠীকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। টাইম গ্রুপ, এবিপি গ্রুপ এবং দ্য হিন্দু পত্রিকায় সরকারি বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।
রয়টার্স জানায়, গণমাধ্যম গোষ্ঠীগুলোর একাধিক পত্রিকা ও সংবাদমাধ্যম রয়েছে। টাইম গ্রুপের পত্রিকা টাইমস অব ইন্ডিয়া ইংরেজি ভাষায় বিশ্বের সবচেয়ে বেশি সার্কুলেশনের দৈনিক কাগজ।
এ ছাড়া গ্রুপটির বেশ কয়েকটি সংবাদ ও বিনোদন চ্যানেল, বাংলা ভাষার পত্রিকা এই সময়সহ অনেকগুলো আলাদা মিডিয়া রয়েছে। এবিপি গ্রুপের আছে দ্য টেলিগ্রাফ পত্রিকা। এটি কয়েক দশকের পুরনো ঐতিহ্যবাহী একটি পত্রিকা।
টাইমস গ্রুপ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বেনেট, কোলম্যান অ্যান্ড কোং এর একজন নির্বাহী জানান, বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে। সম্ভবত আমাদের কিছু প্রতিবেদনে তারা অসন্তুষ্ট হয়েছে।
টাইম গ্রুপের ১৫ শতাংশ বিজ্ঞাপন সরকার থেকে আসত বলে তিনি জানান।
এবিপি গ্রুপ থেকে জানানো হয়, ছয় মাস ধরে তাদেরকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে সরকার। সেটি ১৫ শতাংশ বলে গ্রুপটির এক কর্মকর্তা জানান।
একইভাবে দ্য হিন্দুও কয়েক মাস ধরে সরকারি বিজ্ঞাপন পাচ্ছে না। ফেব্রুয়ারিতে ভারত-ফ্রান্সের মধ্যে যুদ্ধবিমান ক্রয় চুক্তি নিয়ে খবর প্রকাশ করায় পত্রিকার ওপর রুষ্ট হয় সরকার।
এদিকে লোকসভায় কংগ্রেস নেতা আদির রঞ্জন চৌধুরী বলেন, “সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া অগণতান্ত্রিক, সেইসঙ্গে ক্ষমতা প্রয়োগ করে প্রচারমাধ্যমকে টেনে ধরার চেষ্টা।”
তবে এ অভিযোগ অস্বীকার করেন বিজেপি মুখপাত্র নালিন কোহলি। তিনি জানান, অনেক সংবাদমাধ্যম সরকারের সমালোচনা করে যাচ্ছে। তাদের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি। ফলে সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপের অভিযোগ সত্য নয়।
