এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাদের দেখা হবে দুই কোরিয়াকে বিভক্তকারী ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড)।
ট্রাম্প-কিমের নজিরবিহীন এই সাক্ষাতের কথা নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, দেখা হওয়ার সময় শান্তির জন্য কিম-ট্রাম্প হাত মেলাবেন।
উত্তর কোরিয়া অবশ্য বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি। ধারণা করা হচ্ছে, নতুন সাক্ষাতে পরমাণু অস্ত্র বিষয়ক আলোচনার আরও অগ্রগতি হবে।
কিমের সঙ্গে ট্রাম্পের সর্বশেষ দেখা হয় ভিয়েতনামের হ্যানয়ে। ওই সম্মেলন ব্যর্থ হওয়ার চার মাস পর তারা আবার আলোচনায় বসছেন।
রোববার সকালে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করার পর সংবাদ সম্মেলনে দুই কোরিয়ার ব্যাপক অস্ত্রসজ্জিত সীমান্ত পরিদর্শনে থাকার সময় ডিএমজেড-এ কিম তার সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা দেখবো। তিনি খুব করে চান। এটি বাস্তবায়নের চেষ্টা চলছে। আমরা উভয়েই এটি করতে চাই।’
