লক্ষ্মীপুরের কমলনগরে ছোট ভাইয়ের পরকীয়ার জেরে বড়ভাই জয়নাল হোসেনকে (৩২) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. নবীর হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার ভোরে উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল হোসেন কমলনগর উপজেলার চর বসু গ্রামের বসির আহমেদের ছেলে। অভিযুক্ত মো. নবীর হোসেন একই এলাকার ওলি উল্যার ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জয়নালের ছোট ভাই আবদুল গনি একই গ্রামের নবীর হোসেনের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। আজ ভোর রাতে নবীর হোসেনের ঘরে আবদুল গনি প্রবেশ করেন। বিষয়টি নবীর হোসেন টের পেরে ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে আবদুল গনি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় নবীর হোসেনের চিৎকার ও গালাগালিতে ঘটনাস্থলে ছুটে আসেন আবদুল গনির বড় ভাই জয়নাল। নবীর হোসেনের কাছে কি হয়েছে জানতে চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি বেঁধে গেলে জয়নালের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন নবীর হোসেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয় জয়নালের।
পরে স্থানীয়রা জয়নালকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত নবীর হোসেনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
