স্কলাসটিকায় ‘ও’ এবং ‘এ’ লেবেলের শিক্ষাসমাপনী

আপডেট : ০১ জুলাই ২০১৯, ০১:৪৮ এএম

দেশের অন্যতম প্রধান ইংলিশ মিডিয়ামের স্কুল স্কলাসটিকার উত্তরা ও মিরপুর সিনিয়র শাখায় ‘ও’ এবং  ‘এ’ লেবেলের শিক্ষাসমাপনী শনিবার সম্পন্ন হয়েছে।

স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত চারদিন ব্যাপী অনুষ্ঠানে মোট ৫৮৬ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। এদের মধ্যে ৩২৬ জন ‘ও’ লেবেলের এবং ২৬০ জন ‘এ’ লেবেলের সনদ লাভ করেছে।

উত্তরা সিনিয়ার শাখায় শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,  তোমাদের নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। স্বপ্ন ও তা বাস্তবায়নের উদ্যোগ থাকলে তোমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। পরে তথ্যমন্ত্রী সমাপনী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

চারদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আরো ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ভিনসেন্ট চ্যাং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম এবং বিজেইএমএ’র সভাপতি ড. রুবানা হক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিমা পারভীন। 

স্বাগত বক্তৃতা দেন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব) কায়সার আহমেদ ও সিনিয়র ভাইস প্রিন্সিপাল ফারাহ্ সোফিয়া আহমেদ।

সনদপত্র বিতরণের ফাঁকে ফাঁকে স্কুলের ড্রামা ও মিউজি ক্লাবের শিক্ষার্থীরা নাচ-গানে সম্মৃদ্ধ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবক অনুষ্ঠান উপভোগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত