বকেয়া বিলের দাবি

রাজশাহী পাউবো ঘেরাও, নির্বাহী প্রকৌশলী অবরুদ্ধ

আপডেট : ০১ জুলাই ২০১৯, ১১:৩০ পিএম

আপদকালীন কাজের বিপরীতে সম্পূর্ণ টাকা পরিশোধের দাবিতে রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও এবং বিক্ষোভ করেন পাউবোর ঠিকাদাররা। এ সময় তারা রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলীকেও তার দপ্তরে ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের সঙ্গে দ্রুত কথা বলে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে ঠিকাদাররা বিক্ষোভ বন্ধ করেন।

দীর্ঘদিন ধরে কাজের বিল না পাওয়ায় গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি। পরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর স্মারকলিপিও পেশ করেন তারা। স্মারকলিপিতে ঠিকাদাররা তাদের ৪ দফা দাবি তুলে ধরেন।

ঠিকাদার নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমিতির পক্ষ থেকে বারবার মৌখিকভাবে অবগত করা হলেও পাউবোর নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রধান প্রকৌশলী কোনো প্রতিকার করেননি।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি মাহফুজুল আলম বলেন, এক বছর আগে কাজ সম্পন্ন হলেও রাজশাহী অঞ্চলের ঠিকাদাররা তাদের পাওনা বুঝে পাননি। অন্তত কয়েক কোটি টাকা বকেয়া পড়েছে।

পরে বিক্ষোভের মুখে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সহিদুল আলম ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে ঠিকাদাররা বিক্ষোভ স্থগিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত