গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী লিয়ন নিহত হয়েছে। তার হেফাজত থেকে পুলিশ তিন রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করেছে।
লিয়ন সিদ্দিকী (৩৮) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা শফিউদ্দিন সিদ্দিকীর ছেলে।
পুলিশ জানায়, জয়দেবপুর থানার একটি হত্যা ও মাদক মামলায় সোমবার রাতে পুলিশ লিয়নকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকা থেকে আটক করে। রাতে তার দেওয়া তথ্য মতে এসআই আতিকুর রহমান রাসেলের নেতৃত্ব কালিয়াকৈর থানা পুলিশের একটি দল তাকে নিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধারে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
এক পর্যায়ে তারা সিনাবহ এলাকায় পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা লিয়ন বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যাওয়ার সময় লিয়ন গুলিবিদ্ধ হয়।
এসময় লিয়ন বাহিনী অন্য সদস্যরা পালিয়ে গেলেও সেখান থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আহতাবস্থায় লিয়নকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, নিহত লিয়নের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে।
