প্রতি মিনিটে একটি ফুটবল মাঠের সমান বন উজাড় হয়ে যাচ্ছে আমাজন রেইনফরেস্টের। স্যাটেলাইট থেকে তোলা ছবি থেকে বিশ্ব পরিবেশের হুমকির এমন ভয়াবহ চিত্র ধরা পড়েছে।
বিবিসি জানায়, আমাজন জঙ্গলের এমন দ্রুতহারে ধ্বংসের পেছনে ব্রাজিলের নতুন নির্বাচিত ডানপন্থী সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে দায়ী করছেন পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা।
আমাজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট। সবচেয়ে বেশি কার্বন শোষণ করে থাকে এটি। এই জঙ্গল উজাড় হয়ে যাওয়ার এমন চিত্রকে জলবায়ু পরিবর্তনের বিপদ সংকেত হিসেবে দেখা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাজিলের এক শীর্ষ কর্মকর্তা জানায়, বনভূমি উজাড়ে উৎসাহ দিচ্ছে সরকার ।
বুলডোজারসহ একাধিক ভারী যন্ত্রপাতি দিয়ে শেকড়সহ গাছ উপড়ে ফেলা হচ্ছে। সম্প্রতি উজাড় হওয়া বিশাল একটি অংশে দেখা গেছে, বড় বড় গাছ পড়ে আছে। শিগগিরই এসব জায়গা কৃষি খামারে রূপান্তরিত করা হবে।
অনেক সময় এই সব বন উজাড়ের পেছনে রয়েছে কালোবাজারি গোষ্ঠী। বন ধ্বংস করে এসব গাছ তারা কালোবাজারে বিক্রি করে দেয়।
