জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ স্বজন ও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
এসময় এরশাদের শারীরিক অবস্থা নিয়ে পার্টির ব্রিফিং অথবা প্রয়োজনে আইএসপিআরের তথ্য ছাড়া বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জিএম কাদের এ আহ্বান জানান।
তিনি বলেন, “সবার প্রতি আমার আহ্বান- আমাদের কাছ থেকে কনফার্ম (নিশ্চিত) না হয় গুজব ছড়াবেন না। এতে সাধারণ জনগণ, সংবাদকর্মীরা বিভ্রান্ত হন।”
এরশাদের ছোটভাই জানান, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। স্বজন এবং চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন পার্টি চেয়ারম্যান। আধো ঘুম-আধো জাগরণে সাড়া দিচ্ছেন এবং চোখ মেলছেন।
তিনি বলেন, আজও গতকালের (সোমবার) মতোই চেয়ারম্যানের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সিএমএইচ চিকিৎসকরা এটাকে ইতিবাচক মনে করছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, পার্টির চেয়ারম্যানকে লাইফ সাপোর্ট দেওয়া হয়নি। ফুসফুসে ইনফেকশনের কারণে সাবেক রাষ্ট্রপতির শ্বাসকষ্ট হচ্ছিল। তাই চিকিৎসকরা অক্সিজেন সাপোর্ট দিয়েছেন। চিকিৎসকরা আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন।
