গুণী চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন ধরেই অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। অসুস্থ শিল্পীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জানা যায়, মঙ্গলবার সকালে বিএসএমএমইউ কেবিন ব্লকে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামানের শয্যাপাশে অবস্থান করে তার চিকিৎসার খোঁজ-খবর নেন কাদের। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল শ্বাসকষ্ট, পেট ফাঁপা ও বমির সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে। পরদিন অস্ত্রোপচার করা হয় তার। অবস্থার অবনতি হলে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ফের লাইফ সাপোর্টে নেওয়া হয় ৭৭ বছর বয়সী এ অভিনেতাকে। এরপর তার শারীরিক অবস্থার উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসা সহায়তায় ১০ লাখ টাকা দেন।
এটিএম শামসুজ্জামান নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। প্রথম কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য। পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা। এ ছবির মাধ্যমেই অভিনেতা ফারুক ও প্রবীর মিত্রের চলচ্চিত্রে অভিষেক হয়। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন এটিএম শামসুজ্জামান। পরিচালনা করেছেন ‘এবাদত’ নামের একটি চলচ্চিত্র।
১৯৬৫ সালের দিকে সিনেমায় প্রথম অভিনয় করেন। তবে মাইলফলক ধরা হয় ১৯৭৬ সালে আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়ক চরিত্রটি। কাজী হায়াতের ‘দায়ী কে?’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা ও রেদওয়ান রনির ‘চোরাবালি’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা অর্জন করেন তিনি। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক পান। এটিএম শামসুজ্জামানকে সর্বশেষ সিনেমার পর্দায় অভিনয় করতে দেখা গেছে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘আলফা’ চলচ্চিত্রে।
