গোপালগঞ্জ শহরে অভিযান চালিয়ে সরকারি ওষুধসহ এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে এক মাসের কারাদ- দিয়ে জেলহাজতে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী হাকিম শেখ সালাউদ্দিন দিপুর নেতৃত্বে জেলা শহরের কবরস্থান রোড এলাকায় একটি ক্লিনিকে এ অভিযান চালানো হয়। দন্ডিত চিকিৎসক শেখ লুৎফর রহমান শহরের লাবিবা পলি ক্লিনিকের মালিক। অন্যদিকে পৃথক অভিযানে জেলার কাশিয়ানীতে নকল জুস ও চানাচুর কারখানার সন্ধান মিলেছে।
শহরে অভিযানকালে ওই ডাক্তারের বাড়ির আলমারি থেকে কয়েক কার্টনভর্তি অবস্থায় সরকারি ওষুধ জব্দ করা হয়। পরে ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু ডা. লুৎফর রহমানকে আটক করে এক মাসের কারাদ- প্রদান করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজার এলাকায় নকল জুস ও চানাচুর কারখানার সন্ধান মিলেছে। গতকাল পৃথক অভিযানে এ সন্ধান মেলে। দীর্ঘদিন আবদুল্লাহ আইস ফ্যাক্টরির আড়ালে বিভিন্ন নামি-দামি কোম্পানির জুস ও চানাচুর তৈরি করে বাজারজাত করে আসছিল কারখানাটি।
গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মাঈনউদ্দিন অভিযান পরিচালনা করে ভেজাল জুস ও চানাচুর তৈরির মেশিন এবং মালামাল জব্দ করেন। জড়িত থাকার দায়ে এনামুল ফকির ও শফিকুল শেখ নামে দুই কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভেজাল জুস, জুস তৈরির কেমিক্যাল এবং নকল চানাচুর ধ্বংস করা হয়।
