দিনে আটক মাদকের আসামি রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০৯:০০ এএম

পাবনার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ওয়ালী উল্লাহ (৩১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওয়ালী উল্লাহ বেড়া পৌর সদরের শানিলা মহল্লার আকবর আলীর ছেলে।

পুলিশের দাবি, নিহত ওয়ালী উল্লাহ মাদক কারবারি ও আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানা ও সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় মোট ৮টি ডাকাতি এবং মাদক মামলা রয়েছে।

বেড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীদ মাহমুদ জানান, বুধবার এক অভিযানে মাদক ব্যবসায়ী ওয়ালী উল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গেল রাত ৩টার দিকে বেড়া ওয়ালী উল্লাহকে নিয়ে পৌর সদরের জোরদা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ।

উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে, পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে ওয়ালী উল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে মারা যান তিনি।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি শাটারগান, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলামসহ তিনজন কনস্টেবল আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত