লোকসভা নির্বাচনে দলের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের এই সিদ্ধান্তের জন্য প্রশংসিত হচ্ছেন রাহুল গান্ধী। তার বোন প্রিয়াঙ্কা গান্ধীও ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানালেন।
এনডিটিভি জানায়, গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে জনতার উদ্দেশে লেখা চিঠিতে নিজের সিদ্ধান্তের কথা জানান রাহুল। নির্বাচনের ভরাডুবির সমস্ত দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ ছেড়েছেন তিনি।
পরদিনই তার বোন প্রিয়াঙ্কা গান্ধী টুইটার বার্তায় রাহুলির প্রতি শ্রদ্ধা জানালেন। ব্যর্থতার দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ ছাড়া সম্পর্কে তিনি রাহুলকে লেখেন, “অল্প লোকেরই এমন সাহস আছে যা তুমি দেখালে। তোমার সিদ্ধান্তের জন্য গভীরতর শ্রদ্ধা।”
বুধবার টুইটারে একটি দীর্ঘ চিঠি পোস্ট করেন রাহুল। গত মাসেই কংগ্রেস নেতাদের তিনি জানিয়ে দিয়েছিলেন তার সিদ্ধান্তের কথা। সেই সঙ্গে এও বলেছিলেন, তিনি দায়িত্ব ছাড়ছেন কারণ কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে তিনি সন্দিগ্ধ।
রাহুল তার চিঠিতে লিখেছিলেন, “ভারতে এটা অভ্যাস যে ক্ষমতাবান ক্ষমতার সঙ্গে থাকে। কেউ ক্ষমতা ত্যাগ করে না। কিন্তু ক্ষমতার লিপ্সাকে ত্যাগ না করতে পারলে এবং গভীর আদর্শবাদী লড়াই না লড়লে আমরা আমাদের বিরোধীপক্ষকে হারাতে পারব না।”
কংগ্রেসের ‘আমূল পরিবর্তন' চেয়ে রাহুল আরও লেখেন, “দলকে পুনর্গঠন করতে প্রয়োজন কঠিন সিদ্ধান্তের। এবং ২০১৯-এর ব্যর্থতার জন্য বহু মানুষকে দায় নিতে হবে। দলের সভাপতি হিসেবে নিজের দায়িত্বকে এড়িয়ে অন্যদের দায়ী করা ঠিক নয়।”
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের ৪৫ দিনের মাথায় পদত্যাগ করলেন রাহুল গান্ধী। ২০১৭ সালে তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন ১৩১ বছরের পুরোনো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের।
নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির কাছে বড় ধরনের পরাজয় ঘটে দলটির। প্রতিদ্বন্দ্বিতায় কোনো ধরনের সম্ভাবনা তৈরি করতে পারেনি দলটি।
৩০৩ আসনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। তার বিপরীতে মাত্র ৫২টি আসনে জয় পায় কংগ্রেস।
কংগ্রেস সূত্রে জানা গেছে, এক সপ্তাহের মধ্যেই নতুন কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করা হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো কংগ্রেস দলের দায়িত্ব নেহেরু-গান্ধী পরিবারের বাইরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লোকসভা ভোটের ফল প্রকাশের পরই পরাজয়ের দায় নিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন রাহুল। তবে তা নাকচ করে দিয়ে উল্টো রাহুলকে দলের সব পর্যায়ে পরিবর্তন আনার ক্ষমতা দিয়েছিল ওয়ার্কিং কমিটি।
