নরসিংদীর রায়পুরায় প্রেমিকাকে পাওয়ার জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে পাষণ্ড স্বামী। বুধবার সন্ধ্যায় রায়পুরার উপজেলার চরআড়ালিয়া গ্রামের নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মরিয়ম আক্তার (১৯) উপজেলার চরআড়ালিয়া গ্রামের শাহ আলমের মেয়ে। গ্রেপ্তার স্বামীর নাম রাসেল মিয়া। সে একই গ্রামের বাসিন্দা।
রায়পুরা থানা পুলিশ জানায়, তিন মাস আগে পারিবারিকভাবে রাসেলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই একই গ্রামের অন্য একটি মেয়ের সঙ্গে রাসেলের প্রেম ছিল। বিয়ে করলেও রাসেল প্রেমিকাকে ভুলতে পারেনি। সে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রেমিকা তাকে জানায়, বিয়ে করতে হলে স্ত্রীকে হয় ডিভোর্স দিতে হবে, না হয় হত্যা করতে হবে।
তারা জানায়, এর জের ধরে বুধবার দুপুরে স্ত্রীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে রাসেল। পরে লাশ পার্শ্ববর্তী নদীতে ফেলে দেয়। তার গতিবিধি প্রতিবেশীদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘাতক স্বামীকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নদী থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, রাসেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় নিহত মরিয়মের বাবা মো. শাহ আলম বাদী হয়ে বুধবার রাতেই রায়পুরা থানায় রাসেলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোজাফ্ফর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমিকাকে পেতেই স্ত্রীকে হত্যা করেছে বলে স্বীকার করেছে।
