সবশেষ ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়ার পর বিশ্বকাপে আর চাওয়া-পাওয়ার কিছু নেই বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে লড়াই নিয়মরক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। কিন্তু ম্যাচটির আগের দিন অনুশীলন ও সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার অনুপস্থিতি নতুন গুঞ্জন সৃষ্টি করেছে। বিশ্বকাপ মঞ্চেই কি ক্যারিয়ারে ইতি টানছেন ‘নড়াইল এক্সপ্রেস’? ঘুরে ফিরে আসছে এমন প্রশ্ন!
লর্ডসে শুক্রবার বাংলাদেশ বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি সামনে রেখে লন্ডনে বৃহস্পতিবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে অধিনায়ক মাশরাফীকে তাতে দেখা যায়নি। তার অনুস্থিতির মূল কারণও জানা যায়নি। উল্লেখ্য, হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেড টু’ ইনজুরি নিয়েই এবারের বিশ্বকাপ খেলে গিয়েছেন মাশরাফী। এরপরও কোনো অনুশীলন সেশনে তার অনুপস্থিত থাকার ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার শুধু অনুশীলন নয়, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও আসেননি বাংলাদেশ অধিনায়ক। তার বদলে সংবাদ সম্মেলনে কথা বলেছেন কোচ স্টিভ রোডস। বিশ্বকাপে নিজের শেষ ম্যাচের আগে মাশরাফীকে অনুশীলন ও সংবাদ সম্মেলনে না দেখার ব্যাপারটা অবাক হয়েই এসেছে। চাপা গুঞ্জন, শুক্রবারই ক্রিকেটকে বিদায় জানিয়ে দিতে পারেন দেশসেরা এই পেসার।
