সংবাদ প্রকাশের জের ধরে দুই সাংবাদিককে দেওয়া দুর্নীতি দমন কমিশনের চিঠির কার্যকারিতা নেই বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
ক্র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ প্রকাশের জের ধরে সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ার এবং সংগঠনের প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক, এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনকে নোটিস পাঠায় দুদক। পরে নোটিস প্রত্যাহার চেয়ে আন্দোলন করে ক্র্যাব ও অন্যান্য সাংবাদিক সংগঠন। যার পরিপ্রেক্ষিতে গতকাল দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন ক্র্যাব সভাপতি। বৈঠক শেষে আবুল খায়ের জানান, ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, নোটিসটি আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। এ নিয়ে ভুল বোঝার অবকাশ নেই।
