এবারের বিশ্বকাপে পাকিস্তানের সেমি-ফাইনালে যাওয়ার সম্ভাবনা যেন আইসিইউতে গিয়ে ঠেকেছে। সব আশা শেষ হয়ে যাওয়া কেবল সময়ের ব্যাপার। শেষ চার নিশ্চিত করতে হলে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে কেবল বাংলাদেশের বিপক্ষে জিতলেই চলবে না। পূরণ করতে হবে অসম্ভব এক শর্ত। টসে জিতে প্রথমে কমপক্ষে করতে হবে ৪০০ রান। জয়টা পেতে হবে অন্তত ৩১৬ রানের!
আর টসে হেরে গেলে জিতেও লাভ হবে না পাকিস্তানের। বিদায় নেওয়ার মঞ্চে পরিণত হবে ম্যাচটা। আর বাংলাদেশের বিদায় তো আগেই নিশ্চিত। এখন লক্ষ্য কেবল শেষ ম্যাচটায় জয় নিয়ে বাড়ি ফেরা।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় অভিজাত লর্ডসে মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটিতে হাস্যোকর এক হিসাবে থাকায় পাকিস্তান নিয়ে ট্রল করায় মেতেছে নেটিজেনরা।
পাকিস্তানের সেমি-ফাইনালে যাওয়ার সম্ভাবনা নিয়ে টুইটারে একজন লিখেছেন, “টস জিতে বাংলাদেশ যদি ঢাকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলেই পাকিস্তান সেমি-ফাইনালের জন্য কোয়ালিফাই করবে।”
পাকিস্তান সমর্থকদের পরিস্থিতি তুলে ধরে আরেকজন লিখেছেন, “ভারতের বিপক্ষে পাকিস্তান সমর্থন করেছিলেন, পাকিস্তান হারল। ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে সমর্থন করেছিলেন, ভারত হারল। ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডকে সমর্থন করেছিলেন, নিউজিল্যান্ড হারল। এই হলো পাকিস্তান সমর্থক!”
আরেকটি টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, “ফাইনালি, ১৯৯২ ও ২০১৯ সালের মধ্যে বিরক্তিকর তুলনা শেষ হতে যাচ্ছে। বাই বাই পাকিস্তান!!”
কান্নার ইমোজি দিয়ে একজন শুনিয়েছেন আশার কথা- “কোনো কিছুই অসম্ভব নয়, সব কিছুই সম্ভব।”
