গ্যাসের দাম বাড়ানোর প্রতবাদে ১৩ জুলাই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালন করবে ইসলামী আন্দোলন।
দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন।
তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে শুধু গ্যাসের মূল্যই বাড়েনি খুন, গুম, ধর্ষণ, রাহাজানি, চুরি ও দুর্নীতি সমানতালে বেড়েছে।
ক্রসফায়ারের সমালোচনা করে তিনি বলেন, নয়ন বন্ডকে ক্রসফায়ারে দিয়ে সরকার হাজারও সত্যকে গোপন করেছে। ক্রসফায়ার বা বিচার-বহির্ভূত হত্যা ইসলাম সমর্থন করে না।
ফয়জুল করিমের অভিযোগ, এ সরকারের আমলে কৃষকরা ধানের ন্যায্য মুল্য পাচ্ছে না। অন্যদিকে কৃষিপণ্যের দাম অনেক বেশি। রোগীরা সেবা পাচ্ছে না, ছাত্ররা তাদের অধিকার থেকে বঞ্চিত, সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে।
সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন দলের রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান, কেএম আতিকুর রহমান, মাওলানা এবিএম জাকারিয়া, মুফতি শেখ নূরউন নাবী, মাওলান এইচএম সাইফুল ইসলামসহ অনেকে।
