লর্ডসের অনার্স বোর্ডে মোস্তাফিজ-ইমাম-শাহিন

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০৯:০২ এএম

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে আরো সমৃদ্ধ হয়ে ওঠেছে লর্ডসের অনার্স বোর্ড। এদিন দারুণ নৈপুণ্য দেখিয়ে অনার্স বোর্ডে নাম তুলেছেন বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। নাম ওঠেছে পাকিস্তান ওপেনার ইমাম-উল-হক ও পেসার শাহিন শাহ আফ্রিদিরও।

ঐতিহ্যবাহী লর্ডসে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানের কাছে ৯৪ রানে হারে বাংলাদেশ। ৩১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ২২১ রানে গুঁড়িয়ে যায় মাশরাফী বিন মোর্ত্তজার দল।

দল হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ। দশ ওভার বল করে ৭৫ রানে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে তুলেছেন নিজের নাম। লর্ডসে খেলতে নেমে যারা শতক করেন কিংবা বল হাতে পাঁচ উইকেট পান, শুধুমাত্র তাদের নামই ওঠে এই অনার্স বোর্ডে। আগে শুধুমাত্র টেস্টে এমন নৈপুণ্য দেখানো ক্রিকেটারদের নাম উঠতো এই বোর্ডে। চলতি বছর থেকে একদিনের ম্যাচের নায়কদের নামও সেখানে অন্তর্ভুক্ত করা শুরু হয়েছে।

এর আগে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেছিলেন পেসার শাহাদাত হোসেন। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ৫ উইকেট নিয়ে তিনি প্রথম এই কীর্তি গড়েন। পরের রেকর্ডটা ওপেনার তামিম ইকবালের। ওই সফরেই ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাকিয়ে কীর্তিটি গড়েন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

শুক্রবার অনার্স বোর্ডে নাম ওঠেছে পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান ইমাম-উল-হকেরও। ১০০ বলে ১০০ রান করে কীর্তিটি গড়েন তিনি।

বোলিংয়ে দ্যুতি ছড়িয়ে এই বোর্ডে নাম তুলেছেন তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে তার বোলিং স্পেল ৯.১-০-৩৫-৬। এতে অনার্স বোর্ডে নাম ওঠে যায় তার। বিশ্বকাপ মঞ্চে এটা কোনো পাকিস্তানী বোলারের সর্বোচ্চ নৈপুণ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত