গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালে সমর্থন থাকবে: ফখরুল

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০১:১৬ পিএম

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকা হরতালে বিএনপির নৈতিক সমর্থন থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা জানান।

প্রসঙ্গত, গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রবিবার সারা দেশে আধা বেলা (সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত) হরতাল আহ্বান করেছে বাম গণতান্ত্রিক জোট।

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা গণদাবি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে জনগণের ভোগান্তি বাড়বে কয়েকগুণ। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও বাড়বে।

এসময় খালেদা জিয়ার মুক্তির জন্য গণঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্বার আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করবে বিএনপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত