শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আমাদেরকে মাঠে নামতে হবে, হাত-পা গুটিয়ে অফিস-আদালতে বসে থাকলে হবে না। সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে মাটিতে হাত লাগাতে হবে। দেশের সবচেয়ে বড় সম্পদ মাটি। সেই মাটিতে যে ফসল উৎপন্ন হয় তা দেশের প্রায় ১৭ কোটি মানুষ খেয়ে-পরে বেঁচে আছে। বিশ্ব মানবের ইতিহাসে এত কম জায়গায় এতগুলো মানুষ যে খেয়ে-পরে বেঁচে আছে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে শেখ হাসিনার অর্জন হিসেবে।
গতকাল শনিবার দুপুরে মোংলা সরকারি কলেজে আয়োজিত সংবর্ধনা ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নানসহ অন্যরা।
