সিলেটের কানাইঘাট উপজেলায় গরিব পরিবারের ২০ বর ও ২০ কনের মধ্যে যৌতুকবিহীন বিয়ে হয়েছে। গতকাল শনিবার ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে উপজেলার বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলীর বাড়িতে এ বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ইসলাহুল মুসলিমিন পরিষদ এ নিয়ে চতুর্থবারের মতো কানাইঘাটে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করল। শনিবার যে ২০ জোড়া বর-কনের বিয়ে হয়েছে প্রত্যেক দম্পতিকে উপহার হিসেবে একটি ছাগল, সেলাই মেশিন ও সংসার সাজানোর জিনিসপত্র দেওয়া হয়।
বর-কনের আত্মীয়স্বজন এ রকম যৌতুকবিহীন বিয়ে আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তারা কৃতজ্ঞতা জানান ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দিন মাসঊদ ও ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলীর প্রতি।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মুমিন চৌধুরী, সিলেট জেলা পুলিশের সিনিয়র এএসপি (কানাইঘাট সার্কেল) আবদুল করিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ শাকির, কানাইঘাট থানার ওসি আবদুল আহাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা তাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) আফতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা বাবুল আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুন নূর প্রমুখ।
