ওয়ানডেতে ১০০ উইকেটের মাইলফলক গড়লেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। শনিবার বিশ্বকাপে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েন বুমরাহ।
দ্রুততম সময়ে এই কীর্তি গড়ার ক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের বেশ পেছনে থাকছেন বুমরাহ। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে লর্ডসে ৫ উইকেট নেওয়ার পথে উইকেটের সেঞ্চুরি পূরণ করেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ।
মোস্তাফিজের এই কীর্তি গড়তে লেগেছে ৫৪ ম্যাচ। ম্যাচের হিসেবে দ্রুততম সময়ে এই কীর্তি গড়ার ক্ষেত্রে যা চতুর্থ। আর বুমরাহর লাগল ৫৭ ম্যাচ। দ্রুততম সময়ে উইকেটের সেঞ্চুরি পূরণে তার অবস্থান অষ্টম।
বুমরাহর ওপরে অবস্থান তার স্বদেশি মোহাম্মদ শামির। ৫৬ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন তিনি। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান ৪৪ ম্যাচে এই কীর্তি গড়ে তালিকার শীর্ষে রয়েছেন।
বুমরাহ এদিন মোট ৩ উইকেট নিয়েছেন। ৫৭ ম্যাচে তার উইকেট সংখ্যা ১০২টি।
