প্রতিষ্ঠার ৩৮ বছর উদযাপন করছে লোক নাট্যদল। শুক্র ও শনিবার জাতীয় নাট্যশালায় লিয়াকত আলী লাকীর নেতৃত্বাধীন লোক নাট্যদলের একাংশ উদযাপন করেছে প্রতিষ্ঠাবার্ষিকী। এই আয়োজনে গতকাল ‘লোক নাট্যদল স্বর্ণপদক ২০১৯’ প্রদান করা হয় অধ্যাপক আবদুস সেলিম, তারিক আনাম খান ও প্রয়াত কল্যাণ মিত্রকে। পরে মঞ্চস্থ হয় নাটক ‘আমরা তিনজন’। বুদ্ধদেব বসুর গল্প অবলম্বনে নাটকটি নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী।
অন্যদিকে মহিলা সমিতি মঞ্চে গতকাল সন্ধ্যায় লোক নাট্যদল (বনানী)-এর উদ্যোগে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। এতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী সুজেয় শ্যামকে সম্মাননা দেওয়া হয়। এদিন সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হয় কামরুন নূর চৌধুরীর নির্দেশনায় নাটক ‘বৈকুণ্ঠের খাতা’। চার দিনব্যাপী আয়োজনে আজ রবিবার মঞ্চায়িত হবে ইউজিন গোমেজের নির্দেশনায় ‘সোনাই মাধব’।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৬ জুলাই যাত্রা শুরু করে লোক নাট্যদল। পরবর্তী সময়ে দলটি অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভেঙে যায়। এর পর থেকে লোক নাট্যদল (সিদ্ধেশ^রী) এবং লোক নাট্যদল (বনানী) নামে দুটি দলই নিয়মিত থিয়েটার চর্চা করে যাচ্ছে।
