বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিদায়ী ম্যাচে সবার নজরের কেন্দ্রে ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। গুঞ্জন ছিল, ঐতিহাসিক লর্ডসেই ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবেন নড়াইল এক্সপ্রেস। শেষ পর্যন্ত সত্যি হলো না এই গুঞ্জন। আর মাশরাফী জানিয়ে দিয়েছেন, অবসর নিয়ে এখন ভাবছেন না তিনি।
জানা গেছে, এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফীকে ঘরের মাঠেই বিদায় জানাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে আসন্ন শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডেতেও টাইগারদের নেতৃত্বে থাকবেন দেশসেরা এই পেসার।
বিসিবি থেকে মাশরাফীকে আপাতত অবসর নিয়ে না ভাবার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এরপর এ বছরই ঘরের মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ বা সিরিজ আয়োজন করতে চায় বোর্ড। আর সেটাই হবে মাশরাফীর বিদায়ী সিরিজ।
শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে থাকবেন কোচ স্টিভ রোডসও। দক্ষিণ আফ্রিকার এই কোচকে নিয়েও গুঞ্জন ছিল যে, বিশ্বকাপ শেষেই বিদায় জানানো হবে তাকে। কিন্তু আপাতত তাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অবশ্য ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রোডসের সঙ্গে চুক্তি রয়েছে বোর্ডের।
