প্রতিবন্ধী শিশুদের স্কুল ভ্যান উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী গ্রুপ ‘আমরাই কিংবদন্তি’।
রবিবার লালমনিরহাটের কালীগঞ্জের “কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়” শিশুদের জন্য একটি নতুন মোটরচালিত স্কুল ভ্যান বিদ্যালয় পরিচালনা কমিটির হাতে হস্তান্তর করে গ্রুপটি। একই সঙ্গে পুরোনো স্কুল ভ্যান সম্পূর্ণ ভাবে মোটরচালিত করণের প্রতিশ্রুতি ও ছাত্রছাত্রীদের মাঝে কিছু শিক্ষা উপকরণও হস্তান্তর করা হয়। এ ছাড়া ভবিষ্যতে ধারাবাহিকভাবে বিদ্যালয়টির উন্নয়ন মূলক কাজে সাহায্যের হাত বাড়ানোর আগ্রহ প্রকাশ করে গ্রুপটি।
এস এস সি ২০০০ এবং এইচ এস সি ২০০২ শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ আমরাই কিংবদন্তি। এই গ্রুপের সদস্যরা দায়বদ্ধতার জায়গা থেকে সামাজিক বিভিন্ন কাজে এগিয়ে আসার চেষ্টা হিসেবে প্রতিবন্ধীদের সহায়তায় এই পদক্ষেপ নিয়েছে।
২০১৭ সালের ১৫ নভেম্বর এই ফেসবুক গ্রুপটির যাত্রা শুরু হয়। ধীরে ধীরে তা এখন প্রায় ২৩ হাজার সাবেক ছাত্র-ছাত্রীদের গ্রুপে পরিণত হয়েছে।
