খোঁড়া অস্ট্রেলিয়ার সামনে ‘ব্লকবাস্টার’ সেমিফাইনাল

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০১:১৩ এএম

বিশ্বকাপের সেমিফাইনালে প্রতিপক্ষ নির্ধারণ করতে প্রথম পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। জয় দিয়ে গ্রুপ পর্বের ইতি টানে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ১০ রানে হেরে পয়েন্ট তালিকার শীর্ষ থেকে ছিটকে যায়। দ্বিতীয় অবস্থানে থাকার কারণে অজিদের সেমিফাইনাল প্রতিপক্ষ দাঁড়িয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী, স্বাগতিক ইংল্যান্ড। ১১ জুলাই এজবাস্টনের দ্বিতীয় সেমিফাইনালে ইংলিশদের মুখোমুখি হওয়ার আগে অজিদের বড় দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে ইনজুরি। তবে তাতে বিন্দুমাত্র বিচলিত নন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। খোঁড়া অস্ট্রেলিয়া নিয়েও সেমিফাইনালে দারুণ এক উপভোগ্য ম্যাচ দেখছেন এ ওপেনার।

‘ট্রফির স্বাদ পেতে হলে আপনাকে সবার সঙ্গে জিততে হবে। কার সঙ্গে খেলা, কোথায় খেলা তা ভাবলে চলবে না’Ñ ম্যাচ শেষে জানান অজি অধিনায়ক। তবে সেমিফাইনালে নিজেদের এগিয়ে রেখে ফিঞ্চ বলেন, ‘ইংল্যান্ড ভালো ফর্মে আছে। তাই জিততে হলে আমাদের সর্বোচ্চটা দিতে হবে। তবে আমরা তাদের হারিয়েছি (লিগ পর্বে) বলে নিজেদের এগিয়ে রাখব।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে হারের চেয়েও অস্ট্রেলিয়ার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। প্রোটিয়াদের সঙ্গে ম্যাচের আগে শন মার্শের বদলি হিসেবে উড়িয়ে আনা হয়েছে পিটার হ্যান্ডসকম্বকে। আর শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের কবলে পড়েছেন উসমান খাজা। ব্যাটিংয়ের সময় মাঠ ছাড়লেও দলের প্রয়োজনে শেষে আবার মাঠে নেমেছিলেন। খাজাকে নিয়ে উদ্বিগ্ন ফিঞ্চ জানান, ‘সত্যি বলতে, সে ভালো অবস্থায় নেই। আগেও সে একই সমস্যায় ভুগেছিল। আমরা স্ক্যানের ফলাফল দেখে সিদ্ধান্ত নেব। তবে আমরা তার জন্য অপেক্ষা করব।’ খাজার জায়গায় উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের কথা ভেবে রেখেছে অস্ট্রলিয়া। ‘এ’ দলের সঙ্গে ৯৪ ওয়ানডে খেলা ওয়েড ইংল্যান্ডেই। দারুণ ফর্মেও আছেন তিনি। এদিকে অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের ইনজুরিও ভাবাচ্ছে দলটিকে। এই নিয়ে ফিঞ্চ বলেন, ‘স্টয়নিসের এমনিতে কোনো অসুবিধা হচ্ছে না। তবে স্ক্যান রিপোর্ট হাতে এলে বোঝা যাবে। তবে হাতে সময় আছে আমাদের।’

অজি ক্রিকেটের স্বস্তি হিসেবে এখানেও আছে ‘এ’ দল। মিচেল মার্শে নজর নির্বাচকদের। তিনিও আছেন দারুণ ফর্মে। এদিকে মিচেল স্টার্ক শেষ ম্যাচে মাঠে অস্বস্তিতে ছিলেন। এতে অজি দলের কপালে কিছুটা দুশ্চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। তবে ফিঞ্চের জন্য ভালো খবর হলো ওপেনার ওয়ার্নার ও কিপার অ্যালেক্স ক্যারি এদিনও বড় রান পেয়েছেন। এদিন ওয়ার্নারকে প্রশংসায় ভাসিয়েছেন ফিঞ্চ, ‘ডেভি কী দুর্দান্ত খেলেছে! এক প্রান্তে উইকেট পড়া সত্ত্বেও তার ইনিংস প্রমাণ করে সে কত বড় খেলোয়াড়, বড় মঞ্চের খেলোয়াড়।’

দলের ইনজুরি ছাপিয়ে অসাধারণ এক ম্যাচের আভাস দিলেন ফিঞ্চ, ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ সবসময় উত্তেজনাকর। আর সেমিফাইনালে তো এর চেয়ে বড় ম্যাচ হতে পারে না। এজবাস্টনের প্রচুর দর্শকের সামনে খেলাটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আমি তো মনে করি এটি বিশ্বকাপের “ব্লকবাস্টার” ম্যাচ। আশা করি দর্শকরা চরম উপভোগ্য এক ম্যাচ দেখবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত