খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড় ধসের সম্ভাবনায় এলাকায় মাইকিং করেছে পৌরসভা প্রশাসন। টানা তিন দিনের প্রবল বৃষ্টির কারণে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত খাগড়াছড়ি শহরে এ মাইকিং করা হয়।
খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগান, কুমিল্লাটিলা, সবুজবাগ, মোহাম্মদপুর, মোল্লা পাড়া, শালবাগানসহ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে।
টানা তিন দিন মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে যে সমস্ত এলকায় পাহাড় ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সে সব এলাকায় জনগণকে নিরাপত্তার জন্য নিরাপদ স্থানে অথবা আশ্রয় কেন্দ্রে সরিয়ে যেতে বলা হয়েছে।
পৌরসভা মেয়র রফিকুল আলম জানান ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জন্য খাগড়াছড়ির বিভিন্ন বিদ্যালয় গুলোতে যাতে তারা আশ্রয় নিতে পারে সে জন্য বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরো জানান পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারী ৮শ ৬৩ পরিবারকে তালিকা করে তাদের পুনর্বাসনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে তালিকা প্রেরণ করেছে পৌর প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ পেলে ৮শ ৬৩ পরিবারকে নিরাপদ স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করবে পৌরসভা কর্তৃপক্ষ।
