রংপুরের পীরগাছায় অপহরণের তিন মাস পর ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী রাজু মিয়াকে আটক করা হয়।
পুলিশ ও অপহৃত ওই শিক্ষার্থীর পরিবার জানায়, গত তিন মাস পূর্বে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার দামগাছি গ্রামে রফিকুল ইসলামের ছেলে রাজু মিয়া (২৫) পীরগাছা সদর বাজারে একটি ঔষধের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো।
এরই সুবাদের পীরগাছা জেএন মডেল হাই স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী অনন্তরাম সেনপাড়া গ্রামের এক মেয়ের সাথে পরিচয় ঘটে। পরে ওই মেয়েটিকে ফুসলিয়ে রাজু মিয়া অপহরণ করে ঢাকার গাজীপুরে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে ভুয়া কাগজে ধর্মান্তরিত এবং ভুয়া কাবিন নামা করে বিয়ের নামে তিন মাস যাবৎ ধর্ষণ করে আসছিল।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার গাজীপুর জেলার দক্ষিণ নয়াপাড়া থেকে মেয়েটিকে উদ্ধার এবং রাজু মিয়াকে আটক করে।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, তিন মাস পূর্বে অপহৃত মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের নিকট দেওয়া হয়েছে। সোমবার আটক রাজু মিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে।
