মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজী (২৮) ও তার এক সহযোগী ইয়াবাসহ ধরা পড়েছেন। মাদকের ক্রেতা সেজে তাদেরকে আটক করে র্যাব।
সোমবার বিকেলে মোরেলগঞ্জ পৌরসভার বেসরকারি রহিমা মেমোরিয়াল হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে। রহিমা মেমোরিয়াল হাসপাতালের মালিকানায়ও রয়েছেন এই ছাত্রনেতা।
ইব্রাহিম ফরাজী মোরেলগঞ্জ পৌরসভার বাদুড়তলা এলাকার আব্দুল কাদের ফরাজীর ছেলে। সহযোগি নাঈম শেখ (১৮) মোরেলগঞ্জ উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের লাভলু শেখের ছেলে।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকার সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজী বেশকিছু দিন আগে মাদক কেনাবেচার সাথে জড়িয়ে পড়েন বলে আমাদের কাছে খবর আসে। সেই খবরের সূত্র ধরে সোমবার মাদকের ক্রেতা সেজে মোরেলগঞ্জে যাই। ইব্রাহিম ফরাজী আমাদের মাদক দিতে মোরেলগঞ্জ পৌরসভার বেসরকারি রহিমা মেমোরিয়াল হাসপাতালে যেতে বলেন। সেখানে গেলে তিনি আমাদের আড়াইশ পিস ইয়াবা দেন। এসময় ছাত্রনেতা ইব্রাহিম ও তার সহযোগি নাঈমকে ইয়াবাসহ গ্রেপ্তার করি।
এ বিষয়ে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন বলেন, মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাদকসহ গ্রেপ্তার হওয়ায় তার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
