লোকসভা নির্বাচনে দলের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভাপতি সোমেন মিত্র। তবে তার পদ ছাড়ার ব্যাপারে সম্মত নন রাজ্যটির দলীয় পর্যবেক্ষক গৌরব গগৈ।
এনডিটিভি জানায়, সভাপতির পদ থেকে সোমেন মিত্রের পদত্যাগ গ্রহণ করেনি দল কংগ্রেস। বরং তাকেই দায়িত্ব পালন করতে বলেছেন পশ্চিমবঙ্গে দলটির পর্যবেক্ষক গগৈ।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এ রাজ্যে মাত্র দুটি আসনে জিতে কংগ্রেস। অথচ আগেরবার ২০১৪ লোকসভা নির্বাচনে তারা পেয়েছিল ৪টি আসন।
একইভাবে পুরো দেশে ফলাফল বিপর্যয়ের দায় নিয়ে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধী।
এক বিবৃতিতে কংগ্রেস জানায়, “২৪ মে লোকসভা নির্বাচন পরবর্তী ডাকা দলীয় বৈঠকে রাজ্যের ফলাফল বিপর্যয়ের সম্পূর্ণ দায় নেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সেই কারণে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। যদিও তাকে তা করতে দেননি দলের নেতা–কর্মীরা।”
দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সোমেন মিত্রের সঙ্গে দেখা করেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গৌরব গগৈ। তিনি জানান, তার ইস্তফাপত্র গৃহীত হবে না।
নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির কাছে বড় ধরনের পরাজয় ঘটে দলটির। প্রতিদ্বন্দ্বিতায় কোনো ধরনের সম্ভাবনা তৈরি করতে পারেনি দলটি।
৩০৩ আসনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। তার বিপরীতে মাত্র ৫২টি আসনে জয় পায় কংগ্রেস।
